ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার মধ্যে হত্যা মামলা ৪৫৩টি: টিআইবি

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫৩টি হত্যা মামলা মর্মে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়।অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম, মো. জুলকারনাইন, রিসার্চ ফেলো ফারহানা রহমান, রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা কামাল, মোহাইমেনুল ইসলাম প্রমুখ।


প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারা দেশে মোট ১ হাজার ৭৮৫টি মামলা হয়। এর মধ্যে আসামি হিসেবে শেখ হাসিনার নাম এসেছে ৬৬৩টি মামলায়। মোট মামলার মধ্যে ৮৩৭টি হত্যা মামলা। এর মধ্যে শেখ হাসিনার নামে করা হয়েছে ৪৫৩টি হত্যা মামলা।টিআইবি জানায়, ৩১টি হত্যা মামলাসহ এ পর্যন্ত ১০৬টি মামলায় অভিযোগপত্র জমা পড়েছে। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


জুলাইয়ের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার চিত্রটিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সারাদেশে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে ৭৬১টি, যেখানে ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। সারাদেশে পুলিশ সদস্যরা গ্রেফতার হয়েছেন ৬১ জন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৪৫টি মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব মামলায় ৪৫০টি অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ ২০৯ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে ট্রাইব্যুনালে ১২টি মামলা বিচারাধীন, যেখানে আসামির সংখ্যা ১০৫ জন।


গণ–অভ্যুত্থানের পরে নির্বিচারে ঢালাওভাবে আসামি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির হিসাব অনুযায়ী, এসব মামলায় সারা দেশে প্রায় দেড় লাখ মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৮৫৪ জন গ্রেপ্তার হয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, অনেক আসামিই গোপনে দেশত্যাগ করেছেন। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের দেশত্যাগে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফৌজদারি অপরাধে যুক্ত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে সারাদেশে ৪ হাজার ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২ লাখ ২৪ হাজার ৮১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭৫ হাজার ৪০০ জনকে। তারমধ্যে ৫৫ শতাংশ আসামি জামিনে মুক্ত হয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑